ক্রিসমাস ট্রিতে বিষধর সাপ!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৪০
 
বড়দিন উপলক্ষে বাড়িতে সাজানো হয়েছিল ক্রিসমাস ট্রি। সেখানে এসে জায়গা করে নেয় এক মিটার লম্বা ডোরাকাটা বিষধর সাপ। সাপটি রং বেরঙের ছিল বলে তা বর্ণিল ক্রিসমাস ট্রির সাথে প্রায় মিশে যায়। কিন্তু খুব কাছ থেকে দেখার পর বুঝা যায় এটি একটি সাপ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে।
 
রবিবার বাড়ির ক্রিসমাস ট্রিতে এই সাপ দেখে সেখানকার একজন নারী। দেখার পর নিজেকে শান্ত রেখে সে পেশাদার সাপুড়েকে খবর দেয় এবং চুপচাপ অপেক্ষা করতে থাকে।
 
সাপুড়ে বেরি গোল্ডস্মিথ সোমবার এএফপিকে বলেন, এটি ছিল টাইগার স্নেক। সাপটি অনেক বিষধর। তবে এ সাপকে আঘাত না করলে সাধারণত এটি কাউকে ছোবল দেয় না।
 
বাড়ির দরজা খোলা থাকায় সম্ভবত এটি ভেতরে প্রবেশ করে ঐ গাছে উঠে পড়ে। টাইগার স্নেক সাধারণত ১০ ফুট লম্বা হয়ে থাকে। উপকূলীয় এলাকায় এই সাপ বেশী দেখা যায়।
 
বিশ্বের যে ২৫টি দেশে সবচেয়ে বেশি বিষধর সাপ পাওয়া যায় সেসব দেশের মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান ২০তম।
 
ইত্তেফাক/এএসএস