মেঘনায় ১৫ মণ জাটকা জব্দ, ৫ জেলের কারাদণ্ড

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৮:৫৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে ১৫ মণ জাটকা ও দুইটি মাছ ধরার নৌকাসহ ৫ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মেঘনা নদীর ষাটনল, বাদুরপুর, ছটাকী এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

অভিযানে আটককৃতরা হলেন, উপজেলার মোহনপুর গ্রামের মাইনুদ্দিন বেপারীর ছেলে রোমান (২০), সিরাজ খলিফার ছেলে শফিক (১৮), মালেক বেপারীর ছেলে জাকির হোসেন (১৮), মৃত সিরাজ খলিফার ছেলে উজ্জ্বল (২২) ও আহাদ হোসেনের ছেলে সোলেমান (২৭)। ভ্রাম্যমাণ আদালত আটক পাঁচ জেলেকে এক বছর  করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।এতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, মতলব উত্তর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্ম-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
 
ইত্তেফাক/অনি