ভোলায় মুক্তিযোদ্ধা সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিকদের সংবর্ধনা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:১২
 
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা,সাংবাদিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান  ও সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে ভোলা পুলিশ লাইনস এই প্রথম বারের মতো এ সংবর্ধনা দেয়া হয়।
 
ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিশেষ অতিথি কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইকরাম হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ প্রমুখ।
 
অনুষ্ঠানে জেলার ৪০ জন বীর মুক্তিযোদ্ধা, ৯ জন মুক্তিযোদ্ধা পুলিশ, মুক্তিযোদ্ধা সাংবাদিক স্থানীয় দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান ও বিটিভির প্রতিনিধি এম এ তাহের ও  মুক্তিযোদ্ধার উত্তরসূরি ৩ জন সাংবাদিক   চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আদিল হোসেন তপু,মাছরাঙ্গা টিভির ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব,একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
 
বক্তারা  বলেন মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, বর্তমানে কোন মুক্তিযোদ্ধা অসহায় কিংবা অবহেলিত নয়। মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০০ টাকা থেকে এখন ১০ হাজার টাকা করা হয়েছে। দেশে জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে  থেকে তাদের সার্বিক সহযোগিতা করতে হবে।
 
ইত্তেফাক/আরএ