আবারো গৌরীপুরে মূর্তি ভাংচুর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে আবারো কালীমূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পূর্ব মইলাকান্দা গ্রামের অধ্যক্ষ সুবোধ গোস্বামীর বাড়ির আঙ্গিনার মন্দিরে কালীমূর্তি ও সিতলা মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা।
 
ইতিপূর্বে গত ৪ ডিসেম্বর একই ইউনিয়নের কাউরাট গ্রামে আরো দুটি মন্দিরে কালীমূর্তি ভাংচুর করেছিল দুর্বৃত্তরা। মাইলাকান্দা ইউনিয়নে একের পর এক মূর্তি ভাংচুরের ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
 
অধ্যক্ষ সুবোধ গোস্বামী জানান, ঘটনার দিন রাতে দুর্বৃত্তরা গ্রিল দেয়া কালীমন্দিরে বড় একটি বাঁশ ঢুকিয়ে কালি প্রতিমার মুণ্ডগুলো ভেঙ্গে ফেলে। এ সময় পাশের মন্দিরে রক্ষিত সিতলা মূর্তিটি তুলে নিয়ে মন্দিরের পিছনে ভেঙ্গে ফেলে যায়।
 
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এ মন্দিরে পূজা অর্চনা চলে আসছে। কিন্তু কোন দিন এ ধরনের ঘটনা ঘটেনি।
 
গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সভাপতি চন্দন কুমার এস ও উপজেলা শাখার সভাপতি ননী গোপাল দত্ত, স্থানীয় হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ জানান, উল্লেখিত মূর্তি ভাংচুরের ঘটনায় শ্রী সতীর্থ গোস্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
 
এর আগে কাউরাট গ্রামে কালি প্রতিমা ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/আরএ