জিডিপির আকারে ঔপনিবেশিক শাসক ব্রিটেনকে পেছনে ফেলল ভারত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:০০
ভারতবর্ষকে ২০০ বছর শাসন করা ব্রিটেনকে অর্থনীতির আকারে (জিডিপি) পেছনে ফেলেছে ভারত। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৫০ বছরে প্রথমবারের মতো অর্থনীতির আকারে যুক্তরাজ্যকে পেছনে ফেলল ভারত।
 
বিগত ২৫ বছর ধরে দ্রুতগতিতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্রেক্সিট সংক্রান্ত কারণে বিগত ১২ মাসে ক্রমবর্ধমান হারে পাউন্ডের দাম কমে যাওয়ায় সাবেক উপনিবেশিক শাসকদের পেছনে ফেলতে সক্ষম হয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, আগেই প্রাক্কলন করা হয়েছিল ২০২০ সালের মধ্যে জিডিপির আকারে যুক্তরাজ্যকে পেছনে ফেলবে ভারত। কিন্তু ব্রেক্সিট সংক্রান্ত কারণে গত ১২ মাসে পাউন্ডের দাম কমায় সেটি চার বছর আগেই অর্জিত হয়ে গেছে।
 
আর এই সুযোগে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানির পরে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হল ভারত। গত অক্টোবরে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) জানিয়ে ছিল চলতি অর্থ বছরেই ভারত যুক্তরাজ্যকে পেছনে ফেলবে।   
 
বর্তমানে মার্কিন ডলারে যুক্তরাজ্যের জিডিপির পরিমাণ ২.২৯ ট্রিলিয়ন ডলার, যেখানে ভারতের জিডিপির পরিমাণ ২.৩০ ট্রিলিয়ন ডলার। ২০১১ সালে সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বলেছিল ২০২০ সালের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত। তবে চার বছর আগেই সেটি অর্জন করলো ভারত। 
 
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু বলেন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানির পরে পঞ্চম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করল ভারত। ভারতের অনেক বড় জনসংখ্যা থাকতে পারে, তারপরেও এটা বেশ বড় একটা অর্জন। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এসএসএ