ক্রাইস্টচার্চে নিহত ডা. মোজাম্মেলের দাফন সম্পন্ন

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৩৬

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হুরমহিষা গ্রামের ডা. মোজাম্মেল হোসেন সেলিম মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর নিজ বাড়ির মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে গত ২২ মার্চ ভাইয়ের মরদেহ আনতে নিউজিল্যান্ডে যান মেঝ ভাই শাহাদাত হোসেন মিয়াজী। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাত ১১টায় দেশে পৌঁছে মোজাম্মেলের মরদেহ। খবর পেয়ে এক নজর দেখার জন্য মোজাম্মেলের বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজনসহ আশেপাশের গ্রামের লোকজন। 

নিহত মোজাম্মেলের ভাই শাহাদাত হোসেন বলেন, সরকারে সহযোগিতায় ভাইয়ের লাশ দেশে আনতে পেরেছি। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।

নিহতের বড় বোন জোস্না বেগম বলেন, ভাইকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছি। বিদেশ যাওয়ার জন্য ব্যাংক লোন নিতে হয়েছে। যা এখনো পরিশোধ হয়নি। আশা ছিল ভাই পড়া শেষ করে দেশে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে।

আরো পড়ুন: বনানী অগ্নিকাণ্ডে সাবেক ঢাবি শিক্ষার্থী নিহত

পরিবারের সদস্যরা জানান, ঢাকা মিরপুরের মার্কস মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসক হিসেবে পাশ করার পর ২০১৫ সালে উচ্চতর ডিগ্রির জন্য নিউজিল্যান্ড যান। চলতি বছরের রমজানের পরে তার দেশে আসার কথা ছিলো। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত ।

ইত্তেফাক/অনি