কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আহত আব্বাস মমিন (৬৫) সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মমিনের বাবা। এ ঘটনায় বড় ভাই মঙ্গল মিয়া বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর গ্রামের আব্বাস মমিন গত ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পীরকাশিমপুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির পাশের রাস্তায় একই গ্রামের আব্দুল নাঈম, তারু মিয়া, মামুন মাসুমসহ একদল সন্ত্রাসী তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে মেয়ে বিলকিছ আক্তার (৩৫) এগিয়ে আসলে তাকেও জখম করে সন্ত্রাসীরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে আব্বাস মমিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস মমিন মারা যান।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
