সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম হত্যার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৮
মেধাবী কলেজ ছাত্র গৌতম সরকারের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন বাসীর পক্ষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে (সাতক্ষীরা- আশাশুনি সড়কে) ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ শেষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজ ছাত্রদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. ওসমান গণি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুজ্জামান, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নিহত গৌতম সরকারের বাবা গনেশ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা শহরের নিউমার্কেট চত্বরে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
 
বক্তারা এ সময় গৌতম সরকার হত্যাকারীদের সঙ্গে পুলিশের সখ্যতার অভিযোগ এনে সদর থানার ওসি (তদন্ত ) আলমগীর কবিরের প্রত্যাহার দাবি করেন। একই সাথে ওসি ফিরোজ হোসেন মোল্লা ও দুই এসআই আবুল কালাম ও আসাদুজ্জামানকে হত্যা মামলা নিয়ে অর্থ বানিজ্য থেকে সরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা গৌতম হত্যার মামলাটি সিআইডিতে নেয়া ও এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
 
উল্লেখ্য, ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গণেশ সরকারের ছেলে কলেজ ছাত্র গৌতম সরকারকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পাঁচ দিন পর শনিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৌতম সরকার মাহমুদপুর সীমান্ত আদর্শ কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ পাঁচজনকে আটক করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ