ফরিদপুরের সালথায় স্বামী-স্ত্রীসহ তিন জনকে কুপিয়ে আহত করেছে ডাকাতরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার রাতেই তিন ডাকাতকে আটক করে পুলিশ। তারা হলেন, উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের ওয়াজেদ শেখের ছেলে রাসেল সেখ (২৬), সিদ্দিক শেখের ছেলে মান্দার শেখ (৩৩) ও রায়েরচর গ্রামের লায়েক মোল্যা (২১)।
জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৭-৮ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ফুলবাড়িয়া গ্রামের মিরাজ সরদারের বাড়ীতে বেড়া কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় ডাকাতদের বাধা দিলে মিরাজ সরদার, মিরাজের স্ত্রী রেনু বেগম ও চাচা তোরাপ সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। সে সময় রাসেল নামের এক ডাকাতকে ঘরের মধ্যে ধরে ফেলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। রাসেলের স্বীকারোক্তিতে আরো দুই ডাকাতকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ।
সালথা থানা অফিসার ইনচার্জ ডিএম বেলায়েত হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসএস
