রাজধানীর ভাটারায় একদিন নিখোঁজের পর এক শিক্ষার্থীর লাশ পানির রিজার্ভ ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বারিধারার জে ব্লকের ৩ নং রোডের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করেঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তার নাম কফিল বাড়ৈ। তিনি ভাটারার ডেফোডিল ইন্টান্যাশনাল একাডেমির ত্রিপল-ই বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
লাশ উদ্ধারকারী ভাটারা থানার এসআই জাকির হোসেন জানান, রাতে খবর পেয়ে বারিধারার জে ব্লকের একটি নির্মাণাধীন বাড়ির পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করা হয়। কফিল বাড়ৈয়ের ভাই- প্রণব চন্দ্র বাড়ৈ দাবি করেছেন, গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। ভাটারার হাই স্কুল রোডের এ ব্লকের ১৭ নম্বর বাড়িতে কফিল তার বন্ধুদের নিয়ে মেসে থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের কোতোয়ালি থানার পাখরপান গ্রামে। বাবার নাম ভরত চন্দ্র বাড়ৈ।
এসআই জাকির হোসেন আরো জানান, মৃতের মাথায় ভারি জখমের চিহ্ন রয়েছে। রিজার্ভ ট্যাংক থেকে একটি চটের ব্যাগ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
