সোমেশ্বরী নদীতে ৪৫ বছরেও নির্মিত হয়নি রাবার ড্যাম

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর বালিজুড়ীতে স্বাধীনতার ৪৫ বছরেও নির্মিত হয়নি রাবার ড্যাম।
 
বালিজুড়ীতে একটি রাবার ড্যাম নির্মাণের দাবী কৃষকদের দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে জনপ্রতিনিধিদের কাছ থেকে। কিন্তু সে আশ্বাস আজো বাস্তবায়িত হয়নি। ফলে সেচ সংকটে দু’উপজেলার হাজারো কৃষক।
 
সোমেশ্বরী নদীর উৎসস্থল ভারতে। নদীটি শ্রীবরদী উপজেলার খারামোড়া ও বালিজুড়ী হয়ে ঝিনাইগাতীতে প্রবেশ করে। নদীটির প্রবেশ দ্বার শ্রীবরদীতে হলেও পুরো নদীর বিস্তৃত ঝিনাইগাতী উপজেলায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. কোরবান আলী জানান, এ নদীর পানি সেচ কাজে ব্যবহার করে ঝিনাইগাতী উপজেলার প্রায় ৫ হাজার কৃষক ২ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ করে থাকে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস বোরো আবাদ। বর্ষা মৌসুমে এ নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এসব কৃষকরা আমন আবাদ করতে পারে না। তাই তাদের একমাত্র ভরসা বোরো চাষাবাদ। কিন্তু সোমেশ্বরী নদীর উজানে বালিজুড়ীতে স্থানীয় কৃষকরা প্রতি বছর নদীতে বাধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এতে সেচ সংকটে পড়েন ঝিনাইগাতী উপজেলার প্রায় ৫ হাজার কৃষক।
 
এ ব্যাপারে সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক বলেন, কৃষকদের দাবীর প্রেক্ষিতে ইতিমধ্যেই রাবার ড্যাম নির্মাণ কাজের পরিকল্পনা হাতে নিয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস