মুক্তিযুদ্ধ ছিল সার্থক এবং সফল জনযুদ্ধ: এইচ টি ইমাম

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৮:২৩
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি সার্থক এবং সফল জনযুদ্ধ। তিনি বলেন, সেই জনযুদ্ধ পরিচালিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে। বাংলাদেশের প্রায় সমস্ত মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। 
 
কলকাতায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব ২০১৬’ সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান আলোচকের বক্তৃতায় এ কথা বলেন। সোমবার এ সমাপনী হয়।
 
এইচ টি ইমাম আরো বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় আমাদের সাথে ছিলেন না কিন্তু তাঁর আদর্শ ও ৭ মার্চের নির্দেশনা আমরা সবসময় ধারণ করেছি। মুজিবনগরে গঠিত সরকার ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলেও তিনি উল্লেখ করেন।
 
বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা আয়োজিত পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব শুরু হয় ১৫ ডিসেম্বর। এ উৎসবের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করেছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ সভাপতিত্ব করেন।-বাসস।
 
ইত্তেফাক/এমআই