রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল গণি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২০-১২-১৬) বেলা সাড়ে ১২টার দিকে কলেজ এলাকায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করে।
সূত্রে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে উপজেলার আব্দুল গণি মহাবিদ্যায়ে অধ্যক্ষ আব্দুস সামাদ পরীক্ষার্থীর নিকট থেকে ৪ হাজার ৮০০ টাকা আদায়ের লক্ষে কলেজের নোটিশ বোর্ডে তালিকা ঝুলিয়ে দেন। এই বিষয়ে সোমবার কলেজের পরীক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষের কাছে অতিরিক্ত ফি আদায় না করার জন্য অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ তাদের কথার কোন কর্ণপাত না করে ওই টাকা ফরম পূরণ বাবদ দিতে হবে বলে নির্দেশ দেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে আসে। পরের দিন মঙ্গলবার সকালে অধ্যক্ষের অতিরিক্ত ফি কমানোর দাবীতে শিক্ষার্থীরা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সরেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আব্দুস সামাদ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের বিষয়টি অস্বীকার করে বলেন, 'শিক্ষার্থীদের কাছে থেকে সেশান ফি, ফরম পূরন, ক্রীড়া ফি, বিদ্যুৎ ফি, পাঠাগার ফি-সহ চার হাজার ৮০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নিয়মের মধ্যে সব করা হয়েছে। কোন অতিরিক্ত ফি ধরা হয়নি।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, 'এই বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে অভিযোগ পেলে তিনি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।'
ইত্তেফাক/এসএস
