‘বিজয়ের মাসের শপথ যুদ্ধাপরাধীদের নয় সহযোগীদেরও প্রতিহত করা’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:২৯
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, বিজয়ের মাসের শপথ শুধু যুদ্ধাপরাধীদের প্রতিহত করা নয়, তাদের সহযোগীদেরও প্রতিহত করা।
 
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এবং বিএনপির উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে যুদ্ধাপরাধীসহ তাদের সহযোগী দলকেও প্রতিহত করা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের মাধ্যমে।
 
তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের সহযোগী। কেননা, সালাউদ্দিন কাদের চৌধুরী দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সুতরাং নির্বাচনের মাধ্যমে এদেরকে প্রতিহত করাই হবে আমাদের কাজ।
 
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, যারা দেশে পেট্রোল বোমা মেরেছে, পুড়িয়ে মানুষ হত্যা করেছে, দেশে শান্তির নামে নৈরাজ্য সৃষ্টি করেছে সেই যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হতে পারে না।
 
শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এম এ করিম, জিএম আতিক, অরুণ সরকার রানা প্রমুখ। 
 
 
ইত্তেফাক/এমআই