ইন্দোনেশিয়া ও বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর শরণার্থীশিবির পরিদর্শন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থীশিবির পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মঙ্গলবার সকাল ১১টা  থেকে ১২ পর্যন্ত শরণার্থীশিবিরের বিভিন্ন ব্লক পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা।
 
সকাল ১১টার দিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারসুদি ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে বহনকারী হেলিকপ্টার উখিয়াস্থ কুতুপালং টিএন্ডটি এলাকায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে। পরে তারা কুতুপালং শরণার্থীশিবিরে যান।
 
IMG0
পররাষ্ট্রমন্ত্রীদ্বয় কুতুপালং শরণার্থী ক্যাম্প মিলনায়তনে মিয়ানমারের গুলিবিদ্ধ স্বজনহারা, সম্ভ্রমহারা বেশ কয়েকজন নারী-পুরুষের সাথে কথা বলেন। এসময় পররাষ্ট্রমন্ত্রীদ্বয় জানতে চান তারা মিয়ানমার থেকে কেন পালিয়ে এসেছেন? প্রতি উত্তরে মিয়ানমারের খেয়ারীপ্রাং গ্রামের গুলিবিদ্ধ পা হারানো রোহিঙ্গা হাফিজুল ইসলামের ছেলে মুফিদুল মোস্তফা (২২), আরেক গুলিবিদ্ধ রোহিঙ্গা ইনছং গ্রামের লিয়াকত আলীর ছেলে ইলিয়াছ (১৮) চোখের পানি ফেলে মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরেন।
 
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইউয়ান উইবানাতা আদমাজ্জা ও উখিয়া-টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এসএস