জাতীয় ক্রিকেট লিগ

জায়েদের বোলিং তোপে ২০৪ রানে গুটিয়ে গেল রাজশাহী

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৮
আবু জায়েদ রাহির আগুন ঝরানো বোলিংয়ে পুড়ল রাজশাহী।  জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরে সিলেটের বিপক্ষে রাজশাহীর প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২০৪ রানে। জায়েদ একাই নিয়েছেন ৬ উইকেট।
সিলেটও অবশ্য শুরুটা ভালো করতে পারেনি। অলোক কাপালির দল প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে ৪৩ রানে।
 
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার সকালে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সিলেট। বোলিংয়ে সিলেটের শুরুটাও হয় দারুণ। তৃতীয় ওভারেই মাইশুকুর রহমানকে বোল্ড করে ফেরান জায়েদ।
১২তম ওভারে জুনায়েদ সিদ্দিককেও সাজঘরের পথ দেখান জায়েদ। রাহাতুল ফেরদৌসকে ক্যাচ দেওয়ার আগে জুনায়েদ করেন ৩২। রাজশাহীর স্কোর তখন ২ উইকেটে ৩৮।
 
তৃতীয় উইকেটে মিজানুর রহমান ও ফরহাদ হোসেন দলকে ৮৭ পর্যন্ত টেনে নিয়েছিলেন। রাহাতুলের থ্রোয়ে মিজানুর (৩২) রানআউট হয়ে গেলে ভাঙে ৪৯ রানের এ জুটি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে ৬৫.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।
 
ইনিংসে ১৬.৫ ওভারে ৪৮ রানে ৫টি মেডেনসহ ৬ উইকেট নেন জায়েদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এবার নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৬ উইকেট পেলেন ২৩ বছর বয়সী পেসার। জবাবে প্রথম ওভারেই ইমতিয়াজ হোসেনের উইকেট হারায় সিলেট। ফরহাদ রেজার বলে উইকেটকিপার হামিদুলকে ক্যাচ দিয়ে ফেরেন ইমতিয়াজ (২)।
 
১২তম ওভারে জাকির হাসানকেও বিদায় করেন ফরহাদ। সিলেটের স্কোর তখন ২ উইকেটে ৩০। রাহাতুলকে (২*) সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় নিরাপদেই কাটিয়ে দেন সায়েম আলম (৩০*)।
 
সংক্ষিপ্ত স্কোর :
 
রাজশাহী প্রথম ইনিংস: ৬৫.৫ ওভারে ২০৪ (মাইশুকুর ০, মিজানুর ৩২, জুনায়েদ ২৬, ফরহাদ ৩৫, জহুরুল ১২, হামিদুল ২১, রেজা ১৬, সানজামুল ২০, মুক্তার ২৯, মামুন ০, সাকলাইন ৪*; জায়েদ ৬/৪৮, রাহাতুল ১/৩০, খালেদ ১/৪৯, শাহানুর ১/৫৩)
 
সিলেট প্রথম ইনিংস: ১৫ ওভারে ৪৩/২ (ইমতিয়াজ ২, জাকির ৮, সায়েম ৩০*, রাহাতুল ২*)।
 
ইত্তেফাক/এমএইচ