জলঢাকায় মুক্তিযোদ্ধাকে মারধর করে টাকা ছিনতাই

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০০:৩১

নীলফামারীর জলঢাকায় এক মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে মারধর করে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন তিনজনকে আসামী করে থানায় অভিযোগ করেছেন। বর্তমানে ওই মুক্তিযোদ্ধা জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন কুমার সরকার চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার মুখে আঘাতের চিহ্ন আছে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
 
অভিযোগে জানা যায়, গতকাল সোমবার সকালে পাওনা টাকা ফেরত দিবে বলে এলাকার ছাইদুল ইসলাম ও তার স্ত্রী হাজেরা বেগম মুক্তিযোদ্ধার সন্তান সেলিমকে তাদের বাসায় আসতে বলে। সেলিমের হাতে ১৮ হাজার ৫০০ টাকা  দেয় তরা। ছাইদুল ইসলামের বাসা থেকে টাকা নিয়ে বের হলে ছাইদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান সেলিমকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
 
একই দিনে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন তার গচ্ছিত ৭০ হাজার টাকা ব্যাংকে জমার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে নেকবক্ত বাজারে এলে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা মারধর করে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সামনের একটি  দাঁত ভেঙ্গে দেয়।
 
মুক্তিযোদ্ধার সন্তান সেলিম বলেন, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম আমার বাবা অসুস্থ থাকায় ছাইদুল ইসলামের একাউন্টে টাকা পাঠাই। সেই টাকা ফেরত আনতে গিয়ে আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে।
 
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান অভিযোগের বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে।
ইত্তেফাক/এএন