মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ০৯:৫২
 
রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইল ফোনের মালিকানার দ্বন্দ্বের জের ধরে দুই কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, আল আমিন ও শাহরিয়ার। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কোনাপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে। আহত আল আমিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। শাহরিয়ার স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় ওলি আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 
 
আহত আল আমিন জানান, সমপ্রতি মোবাইল ফোন নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তাদের কেউ ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন তিনি।
 
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনার পরপরই ওলি নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওলি জানিয়েছে, মোবাইল ফোনের দ্বন্দ্বের জের ধরে গতকাল কয়েকজন মিলে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ আদালতে ওলিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।