কিশোরগঞ্জে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৩:৫০
 
আলুসহ বস্তা লোড করতে গিয়ে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরেক শ্রমিক। আজ বুধবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- ওই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)। 
 
এ সময় আহত অপর শ্রমিক ওই ইউনিয়নের থেথতেরীপাড়া গ্রামের বজরু মাহমুদের ছেলে ইউনুছ আলীকে (৩০) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিতাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটের পাড়ে ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৩৬২) রেখে বস্তায় ভরে আলু লোড করছিলেন শ্রমিকরা। 
 
এ সময় পুকুরঘাটের মাটি ধ্বসে পড়লে ট্রাকটি উল্টে যায়। এতে তিন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় এবং এক শ্রমিককে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করা হয়।
 
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, আহত শ্রমিককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে