যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২০:৫৪

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় লেগুনার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন অন্তত ১০ জন। মহাসড়কের চাউলিয়ায় এই দুর্ঘটনা ঘটে। একইসময় কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের ধাক্কায় অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন, লেগুনা যাত্রী যশোরের মণিরামপুর উপজেলার গাবুখালি গ্রামের সুভাষ বৈরাগীর ছেলে সুব্রত বৈরাগী (২৫), সদর উপজেলার কুয়াদা গ্রামের ঋষিকান্ত দাসের স্ত্রী শিউলী দাস (২৬), একই উপজেলার জঙ্গলবাধাল গ্রামের সুলতান মোল্লার ছেলে শামীম মোল্লা (৩০) এবং মোটরসাইকেল আরোহী শহরের শংকরপুর এলাকার ইসহাক সরদারের ছেলে আলেক সরদার (৫৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রূপদিয়া থেকে যশোরের দিকে আসছিল লেগুনাটি। যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়ায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক লেগুনাটিকে চাপা দেয়। এতে লেগুনার যাত্রীরা আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনজন নিহত হন। আহত ব্যক্তিরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, ‘ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।’

আহতরা হলেন স্বপন পাল (২২), মাহমুদ (১৮), জাকির হোসেন (২৫), সাগর (২২), সিয়াম (১০), সাবিহা খাতুন (২৮) ও তার ছেলে সাফিন (২), ইকবাল হোসেন (২৮), গনেশ (৩০)। 

আরও পড়ুনঃ গৃহবধূকে গাছে বেঁধে বিবস্ত্র করে চুল কাটলো সতীন-শ্বশুর-শাশুড়ি

বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। তিনি বলেন, ‘আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের বাইরে নিতে হলে ব্যবস্থা করা হবে। একইসঙ্গে সকল আহত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু