'বহুমুখী কর্মসূচির ফলে দেশ এগিয়ে যাচ্ছে'

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৮:১২
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'বর্তমান সরকারের বহুমুখী কর্মসূচির ফলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।'
 
তিনি বলেন, 'উন্নয়নের এই ধারাকে ব্যাহত করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।'
 
নৌপরিবহন মন্ত্রী বুধবার রাজধানীর সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটি মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। এসময় নৌপরিবহন মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। তিনি স্বাধীনতার স্থপতি ও হিমালয়-সম ব্যক্তিত্ব। তার অর্থনৈতিক মুক্তি আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান রয়েছে। এ আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
 
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইসহাক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সালাহউদ্দীন, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, প্রজন্ম কমান্ডের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন এবং প্রজন্ম কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহান সিরাজ বক্তব্য রাখেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস