নাটোরের বাগাতিপাড়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুখ হোসেন ওরফে বাসু ফারুখ (৪৩) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানুর আদালত তাকে এ সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ফারুখ হোসেন উপজেলার মাড়িয়া-নিংটিপাড়া গ্রামের মৃত এহসান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে ফারুখ হোসেন উত্ত্যক্ত করছিল। বুধবার বিকালে ওই ছাত্রী বাগাতিপাড়া মডেল থানায় ফারুখের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী তার কলেজের যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করলে পুলিশ তাকে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাসরিন বানুর আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডদেশ দেন।
আরো পড়ুন: ‘ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে, ফলে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে’
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন, ফারুখ একজন মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের আট থেকে দশটি মাদকের মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
