গত বুধবার দৈনিক ইত্তেফাক অনলাইনে ‘কিশোরগঞ্জে সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই অনিয়ম’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়েছিল। পরদিন বৃহস্পতিবার দুপুরে সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করলেন নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল। এ সময় তদারকি কর্মকর্তাকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির নির্মাণ কাজে বক্সকাটিং করার পর ইমপ্রুফ সাবগ্রেট ও সাববেজ করার সময় নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। এছাড়া ওই সড়কে পাঁচটি আরসিসি কার্লভাট নির্মাণে রড ও পাথরের কাজে রয়েছে শুভঙ্করের ফাঁকি।
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, টেংগনমারী থেকে কিশোরগঞ্জ থানা মোড় পর্যন্ত ১০ কিলোমিটার ১২ ফিট প্রস্থের সড়কটি ১৮ ফিটে উন্নীত করার জন্য ২৭ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৮১৬ টাকা বরাদ্দ ধরে দরপত্র আহবান করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় তমা কনস্ট্রাকশন এ্যান্ড কোম্পানি লি:। এ প্রকল্পের উদ্বোধন করা হয় ২০১৮ সালের ৭ ডিসেম্বর। কাজ শুরু করার কথা ছিল ওই বছরের ২৭ ডিসেম্বর। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে কাজ শুরু না করে কালক্ষেপণ করে। কাজ শুরু হয় ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। এতে এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন প্রকল্প এলাকার লোকজন।
নীলফামারী ৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেন, কিশোরগঞ্জ টেংগনমারী ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরন কাজে অনিয়ম হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগে এবং ইত্তেফাক অনলাইনে সংবাদ দেখে আমি সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করতে যাই। সড়ক নির্মাণ কাজের তদারকি কর্মকর্তাকে পাইনি। পরে তাকে ফোন করে সড়কের নির্মাণ কাজের বিষয়ে জানতে চেয়েছি। সড়কের নির্মাণ কাজে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে তাকে নির্দেশ দিয়েছি।
তিনি আরো বলেন, সড়ক নির্মাণ কাজে কিছু অনিয়ম রয়েছে এ বিষয়ে আমি নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।
ঠিকাদার মোস্তাফা কামাল রোকন জানান, প্রাথমিক ভাবে সড়কের নির্মাণ কাজে খোয়া তৈরির জন্য ৭ লাখ ইট আনা হয়েছে। ভাটা থেকে ইট আনার সময় কিছু নিম্নমানের ইট আসতে পারে। তাছাড়া সড়ক নির্মাণের তিন বছর সময় পর্যন্ত ঠিকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা রয়েছে।
নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আমি দুপুরের খাবার খাওয়ার জন্য টেংগনমারী বাজারে গিয়েছিলাম। কিন্তু ঠিক সেই সময় এমপি আসায় আমাকে সড়কে উপস্থিত না পেয়ে ফোন দিয়েছেন।
আরো পড়ুন: বনানীতে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১৯
নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান জানান, কিশোরগঞ্জ টেংগনমারী সড়ক প্রশস্তকরন কাজে অনিয়মের অভিযোগ ঠিক নয়। সড়ক নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করার কোনো সুযোগ নেই।
ইত্তেফাক/অনি
