গাইবান্ধায় পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২১:২১
গাইবান্ধায় অনির্দিষ্টকালের চলমান পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার রাত পৌনে আটটায় ধর্মঘট স্থগিত করা হয়। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের কারণে গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপে এই ধর্মঘট স্থগিত করা হয়।
 
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার রাতে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সাথে গাইবান্ধা জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার পর আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের কারণে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
 
প্রসঙ্গত. গাইবান্ধা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির দু’গ্রুপের দ্বন্দ্বের জেরে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জেলার সকল রুটে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আহ্বানে বুধবার ভোর থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়। এছাড়া এর আগেও একই কারণে ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মঘট স্থগিত করা হয়।
 
ইত্তেফাক/এমএইচ