চাঁদের গাড়িতে ঝুঁকি নিয়ে খুদে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত!

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ০২:২৯

স্কুল বাস না থাকায় দীঘিনালা সড়কের অধিকাংশ শিক্ষার্থীর একমাত্র অবলম্বন চাঁদের গাড়ি। স্কুলের সময়ে গাড়ি না পাওয়ায় অনেক সময় বাদুড়ঝুলা হয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। এতে করে অনেক সময় নানা ধরনের দুর্ভোগের শিকার হন শিক্ষার্থীরা।

 
দীঘিনালা সড়কের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা জানান, সকালে স্কুলের সময়ে অনেক সময়  বাস থাকে না। তাই স্কুলে আসার জন্য বিভিন্ন ধরনের যানবাহনে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে বেশির ভাগ সময়ে দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। এ ছাড়া অনেক সময় বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের এসব গাড়িতে না নেওয়ার অভিযোগ করেন এ প্রধান শিক্ষক।
 
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগদীশ সরকার জানান, গত কয়েক মাস আগে স্কুলে আসার জন্য জিপ গাড়িতে উঠতে গিয়ে তিন মাইল নামক স্থানে খগেশ্বর ত্রিপুরা নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছেন।
 
দীঘিনালা নয় মাইলের শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া স্বপ্না চাকমা ও সুপারী বাগান এলাকার  ৯ম শ্রেণির প্রান্তিকা চাকমা জানান, খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত সব গাড়ি যেতে চায় না। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চাঁদের গাড়িতে স্কুলে যাতায়াত করতে হয়। স্থানীয় অভিভাবকরা দাবি করেন স্কুল বাস চালু হলে কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা দূর হবে।

ইত্তেফাক/এএন