শিবালয়ে ২ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩
মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সবজাল হোসেন টিপু ও সহ-সম্পাদক রবিউস সানির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনতা অংশ নেয়।
 
জানা গেছে, অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে প্রভাষক সুফিয়া খাতুন, ড. উত্তম সরকার, বজলুর রশিদ, কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মেহদী হাসান জনি, সাধারণ সম্পাদক রবিণ মিয়া ও সহ-সম্পাদক রিয়াজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। তারা ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
 
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে শিবালয়ের বোয়ালী গ্রামে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত টিপু ও সানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ