মধুখালীতে বাস ডাকাতির মালামাল উদ্ধার, অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:১৯
ফরিদপুরের মধুখালী উপজেলায় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির মালামালও উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার রাতে বাসে ডাকাতির ঘটনায় বুধবার রাতে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
 
জানা গেছে, মঙ্গলবার রাতে একটি এসি বাসে ডাকাতির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত গ্রেফতার হলে তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার রাতে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদেরকে মধুখালী ও ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নড়াইলের বাসিন্দা হাসান মোল্যা (৩২) ও আরিফ হোসেন (২৮), পাবনার বাসিন্দা নুরুল ইসলাম (৩৪), বরগুনার বাসিন্দা শরিফুল ইসলাম (২৪) এবং ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা আরজিনা বেগম (৩৫) সাথী বেগম (২৪)।
 
এদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, বারটি ককটেল, একটি বিদেশী ছুরি জব্দ ও ভারতীয় রুপি জব্দ করা হয়। এবং  দুইটি স্বর্ণের চেইন এবং নগদ নগদ টাকাসহ যাত্রীদের লুন্ঠিত সমস্ত মালামাল উদ্ধার করা হয়।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ