শিক্ষাবর্ষের প্রথম দিনে (১ জানুয়ারি ২০১৭) বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সদর থেকে প্রতিটি বিদ্যালয়ে ডিসেম্বর মাসেই বই নেয়ার জন্য গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই নিতে আসা শিক্ষকদের আগমনে মনে হয় বসেছে আনন্দমুখর 'বইয়ের হাট'।
উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদরাসাসহ ২শ ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লক্ষ ১৭হাজার ৬শ ৫০শিক্ষার্থীর হাতে ৯লক্ষ ২৬হাজার ৯৮০টি নতুন বই পৌঁছে দেয়ার জন্য চলছে এই কর্মযজ্ঞ।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জহির উদ্দিন ও মোজাহিদুল ইসলাম ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের দেয়া তথ্যানুযায়ী প্রত্যেকটি ক্লাসের বই বিদ্যালয়ের প্রধানদের নিকট তুলে দিচ্ছেন। সেই নিয়ে মাঠ জুড়ে চলছে গুণন কাজ। দূর থেকে দেখলে মনে হয়, বিদ্যালয় মাঠেই বসেছে আনন্দমুখর 'বইয়ের হাট'।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ষষ্ঠ শ্রেণিতে ৭হাজার ৩শ, ৭ম শ্রেণিতে ৬হাজার ২শ, ৮ম শ্রেণিতে ৬হাজার, ৯ম শ্রেণিতে ৪হাজার ৮শ শিক্ষার্থী, ৮টি এবতেদায়ী মাদরাসায় ১ম শ্রেণিতে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪হাজার ৪৫০জন শিক্ষার্থীর মাঝে বই দেয়া হবে। এছাড়াও ১৭টি মাদরাসায় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৮হাজার ৯শ শ্রেণির বই দেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইত্তেফাক/এসএস
