লাখাইয়ে ইজিবাইক ‍উল্টে কলেজছাত্র নিহত, আহত ৪

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৫২
হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার ভাদিকারা গ্রামের ইদ্রিস উল্লাহর ছেলে আমান উল্লাহ (১৮)। বৃহস্পতিবার বেলা ১টায় এ দুর্ঘটনা ঘটে। 
 
আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই উপজেলার বামৈ এলাকায় ব্রীজের কাছে দুপুরে একটি ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে এর ৫ আরোহী গুরুতর আহত হন। 
 
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। তিনি বামৈ মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক। 
 
ইত্তেফাক/এসএসএ