‘৬৫ বছরের জীবনে এতো ভোটার উপস্থিতি দেখিনি’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৭:১০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) নির্বাচনকে ঘিরে সংঘর্ষের শঙ্কা থাকলেও নির্বিঘ্নে ভোট গ্রহণ শেষ হয়েছে। 
 
নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মানুষ ভয় ভীতি ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। 
 
বৃস্পতিবার দুপুরে সিদ্দিরগঞ্জের এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট আসেন আবদুর রহমান (৬৫) এক ব্যক্তি। 
 
ভোট দিয়ে বেরিয়ে এসে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার ৬৫ বছরের জীবনে এতো ভোটারের উপস্থিতি দেখিনি। নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে সব সময় মানুষের মধ্যে একটা শঙ্কা থাকে। সেই কারণে ভোটারদের উপস্থিতিও কম থাকে। কিন্তু এবার ছিল ব্যতিক্রম। কাউন্সিলর প্রার্থীদের তৎপরতায় এবার মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসেছেন এবং পছন্দের প্রার্থীকে ভোটা দিয়েছেন। সিদ্দিরগঞ্জের চারটি কেন্দ্রের ১৬ হাজার ভোটারের মধ্যে প্রায় সবাই ভোট দিয়েছেন।,  
 
একই কেন্দ্রে ভোট দিতে এসে সুফিয়া বেগম নামে এক নারী বলেন, ‘নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। তাই সকালে নারী ভোটারদের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সবাই উৎসবের মধ্যদিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। 
 
বৃহস্পতিবার সকাল থেকে টানা ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিটি করপোরেশনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। 
 
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, 'নারায়ণগঞ্জবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভয় ভীতি ছাড়াই ভোটরেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি