রাজধানীতে তিন হাজার ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জব্দ করা হয়েছে একটি জিপ ও একটি প্রাইভেটকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উপঅঞ্চলের একটি টিম বৃহস্পতিবার ভোরে নগরীর শুক্রাবাদ এলাকা থেকে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম ও দুলাল হোসেন ভূঁইয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম বলেন, গ্রেফতারকৃতরা রাজধানীর শীর্ষ মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় সূত্রাপুর সাকের্লের পরিদর্শক হেলাল উদ্দিন ভূইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় শেরে বাংলা নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
তিনি আরো বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো উপঅঞ্চল কর্তৃক বিশেষ টিম গঠন করে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গত এক সপ্তাহে ৫টি গাড়ি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২৫জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই
