নোট বাতিল ইস্যুতে সংসদ অচল করে দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা হচ্ছে: নরেন্দ্র মোদী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০২:১২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের পর সংসদ অচল করে দিয়ে বিরোধী দলের নেতারা দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা করছে যেভাবে পাকিস্তানি সেনারা ‘কভার ফায়ারের’ মাধ্যমে সেভাবে জঙ্গিদের রক্ষার চেষ্টা করে।

 
তিনি বলেন, নোট বাতিলের কারণে শুধু কালো টাকাই ধ্বংস হবে না মানুষের অবৈধ সম্পদ অর্জনের আকাঙ্ক্ষাও কমবে। মোদী বলেন, অনেকে বলছেন ৫শ ও হাজার টাকার নোট বাতিল করার পর যে পরিস্থিতি দাঁড়াবে তা আমি বুঝতে পারিনি। আসলে আমি শুধু বুঝতে পারিনি বিরোধী দলগুলো দুর্নীতিবাজদের বাঁচাতে এভাবে উঠেপড়ে লাগবে।
 
ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভাষণদানকালে তিনি এসব কথা বলেন। মনমোহন বলেছেন, অনলাইনে লেনদেন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয় যেখানে প্রায় ৫০ ভাগ মানুষ নিরক্ষর। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনার জবাবে মোদী বলেন আপনি একবার অর্থমন্ত্রী একবার প্রধানমন্ত্রী ছিলেন, ১৯৭০ সাল থেকে আপনি বড়বড় পদে ছিলেন। দেশের এই হালের দায় আপনার কাঁধেও বর্তায়।
 
সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম বলেছেন দেশের অর্ধেক জায়গায় এখনো বিদ্যুত্ পৌঁছায়নি। তাই অনলাইনের লেনদেন করে মানুষের সুবিধা হবে না। এই কথার জবাবে মোদী বলেন, চিদাম্বরম আসলে নিজের কৃতকর্মই তুলে ধরেছেন।

ইত্তেফাক/এএন