নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতে গিয়ে তাকে মিষ্টিমুখ করান।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় সাখাওয়াত হোসেনের বাসভবনে যান আইভী। এসময় তারা সদ্য শেষ হওয়া নির্বচন নিয়ে কথা বলেন। সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইভীকে। তিনি আইভীকে পরামর্শ দিয়ে বলেন, 'নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষ প্রথমেই মাদক-সন্ত্রাসের অঞ্চল বলে চিহ্নিত করে আশা করি আপনি এই সমস্যার সমাধান করবেন।'
IMG0
এই সময় আইভীও তার নির্বাচনী প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করার অভিব্যক্তি পুনরায় উল্লেখ করেন। সেইসঙ্গে গতবার মেয়র থাকা কালীন অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী পান ১লাখ ৭৪হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পান ৯৬হাজার ৭০০ ভোট। এছাড়া, গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী।
ইত্তেফাক/এসএস
