পিরোজপুর শহরতলীর মাছিমপুরের বলাকা ক্লাব এলাকা থেকে আছমা বেগম (২৬) নামের এক নারী শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশের বক্তব্য, আসমাকে তার স্বামী রেজাউল (৩২) হত্যা করেছেন। নিহত আছমা বেগম সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের শাজাহান মোড়লের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭/৮ মাস আগে একই এলাকার শ্রমিক রেজাউল তার স্ত্রী আছমাসহ ১২জন শ্রমিক নিয়ে পিরোজপুরের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং আছমা শ্রমিকদেরকে রান্না করে খাওয়াতেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আছমাকে গলা কেটে হত্যা করে রেজাউল পালিয়ে যান।
এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ৯ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
