বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগের দুই কর্মী নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৫
বাগেরহাটের মংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবলীগের দুই কর্মী নিহত এবং আরো একজন আহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার রাত ১১টার সময় মংলা উপজেলার জালছিড়া ব্রিজের কাছে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ওই দুর্ঘটনা ঘটে। শুক্রবার নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
 
নিহতরা হচ্ছেন, বাগেরহাট জেলার মংলা পৌর এলাকার শাহাদাত হোসেনের ছেলে কামরুজ্জামান সৈকত (২৩) এবং আলমগীর হোসেনের ছেলে শোভন হোসেন বাবু (২৪)। তারা মোংলা যুবলীগের কর্মী বলে জানা গেছে। আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রনিকে (২০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি মোটরসাইকেল যোগে যুবলীগের ওই তিন কর্মী বিজয় দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত অনুষ্ঠান শেষে বাড়িতে ফির ছিলেন।
 
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. লুৎফর রহমান জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস