রুপালি ব্যাংকের জিএমকে লাঞ্ছনার অভিযোগে ৫ কর্মচারী বহিষ্কার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৮:২৯
 
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ও উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) লাঞ্ছিত করার ঘটনায় ব্যাংকটির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ৫ নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, সংস্থাপন ও কল্যাণ বিভাগের অফিস সহকারী (কেয়ার টেকার) মো. কাবিল হোসেন কাজী, একই বিভাগের গাড়িচালক মো. আবুল কালাম আজাদ, কাপ্তান বাজার শাখার অফিস সহকারী মো. আরমান মোল্লা, লোকাল অফিসের অফিস সহকারী মো. আনোয়ার হোসেন ও মো. আহসান হাবিব।
 
বৃহস্পতিবার ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উল্লিখিত সিবিএ নেতাসহ প্রায় ১৫ থেকে ২০ জন ব্যাংকটির জিএম নুরুজ্জামান, ডিজিএম শওকত আলী খান ও এজিএম সাখাওয়াত হোসেনকে শারিরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনার পরদিন ৬ ডিসেম্বর ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) দেবাশীষ চক্রবর্তীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরপর প্রশাসনিক পদ্ধতিতে তাদের বিচার করা হবে। বিচারে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষী বাকিদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ব্যাংক সূত্রে জানা যায়।
 

ইত্তেফাক/এএম/এমএইচ