আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নারায়ণগঞ্জ সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে তিনি এই আহবান জানান। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের-ঢাকা বিভাগ এ মহাসমাবেশের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি মো. আবুল ওয়ারেশের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল আনসারী, সাধারণ সম্পাদক এনায়েত রাব্বী লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, শিক্ষা গ্রহণ করুন নির্বাচনের জন্য প্রস্তুত হন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ফেয়ার হয়েছে। কেউ বলে নাই নির্বাচনে কারচুপি হয়েছে।
তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন ফেয়ার হয় তা প্রমাণ হয়ে গেছে। তাই বেগম জিয়াকে বলবো ভুল সংশোধন করে জামায়াতকে পরিহার করে আসুন। মাঠে খেলা হবে ২০১৯ সালে। আপনি প্রস্তুত হন।
ইত্তেফাক/এএম।
