‘শেখ হাসিনাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরানোর চক্রান্ত করছে বিরোধীরা’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৮:২৬
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে তখন বিরোধী শক্তি তাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে। 
 
তিনি বলেন, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিরোধী শক্তি এখন এমন পরিকল্পনা করছে। 
 
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি যেমন মনুষ্যসৃষ্ট, এর পেছনে ষড়যন্ত্রও রয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছ থেকে অস্ত্রসহ একজন গ্রেফতার হওয়ার ঘটনাটিও একইসূত্রে গাঁথা। 
 
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল অপশক্তিরা। সেই ঘাতকদের দোসররা আজও বসে নেই। তারা একই কায়দায় জননেত্রী শেখ হাসিনাকেও রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দিতে চায়। 
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, নাসিকে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।
 
কিন্তু এই নির্বাচনেও বিএনপি কারচুপির গন্ধ খোঁজে। নির্বাচনে পরাজিত হলেই বিএনপি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। এটি তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে।
 
হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন যেখানে তার নিজ কেন্দ্রেই পাস করতে পারেননি, তিনি কি করে মেয়র নির্বাচিত হবেন। 
 
তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, উদ্ভ্রান্তের মতো বক্তব্য না রেখে বাস্তবতাকে অনুধাবন করুন। এতদিন ধরে মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করেছেন, মানুষকে পুড়িয়ে মেরেছেন, নারায়ণগঞ্জবাসী সিটি নির্বাচনে তার জবাব দিয়েছে।
 
আলোচন সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ স্বপন; অরুণ সরকার রানা এম এ করিম প্রমুখ। 
 
 
ইত্তেফাক/এমআই