কাউখালীর ইজিএস শিক্ষা নিকেতনের সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩
পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী ইজিএস শিক্ষা নিকেতনের (মাধ্যমিক বিদ্যালয়) সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার। 
 
সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিশেষ অতিথি থাকবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। 
 
ইজিএস শিক্ষা নিকেতন একটি নাম, একটি ইতিহাস ও একটি ঐতিহ্য। যার জম্ম হয়েছিল সন্ধ্যা, কালীগঙ্গা, কচাঁ নদী বেষ্টিত সয়না রঘুনাথপুর ইউনিয়নের  সন্ধ্যা নদীর তীরে রঘুনাথপুর নামক স্থানে। তৎকালীণ কিছু উদ্যোমী তরুণ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ  নেন। পরে ১৯৬৬ সালের ১ জানুয়ারি রঘুনাথপুর ইজিএস মাধ্যমিক বিদ্যালয়ের সূচনা হয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে অর্ধশত বছর পার করছে এ বিদ্যাপিঠ। 
 
অর্ধশত বছর উদযাপনে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার  থেকেই বর্ণিল সাজে সাজছে  বিদ্যালয়ের চারদিক। 
 
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক  তপন কুমার চক্রবর্তী জানান, সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসব উপলক্ষে শনিবার সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য  শোভাযাত্রা, স্মৃতিচারণ মূলক আলোচনা, প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ্যালামনাই এসোসিয়েশন গঠন,  র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
 
ইত্তেফাক/ইউবি