রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে রমজান আলী নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রমজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। এদিকে পুলিশের দাবি, এটি সাধারণ ছিনতাই নয়। পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটে।
খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে কয়েকজনের সঙ্গে বিরোধ রয়েছে রমজান আলীর। সেই বিরোধের জের ধরেই তাকে ছুরিকাঘাত ও ছিনতাই করা হয়। হামলাকারীদের একজনকে তিনি চিনতেও পেরেছেন।
রমজানের ছেলে আল-আমিন হাসপাতালে বলেন, সবুজবাগের মাদারটেক এলাকায় থাকেন তার বাবা। ভোর ৫টার দিকে গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। গোড়ানের আলী আহমদ স্কুলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই-তিনজন তার পথরোধ করে। এরপর তার হাত-পায়ে ছুরিকাঘাত করে টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সা নেওয়ার পর তাকে মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইত্তেফাক/এএম।
