অভিনেতা কাঞ্চনের জন্মদিন আজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৪
আজ শনিবার, ২৪ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন। দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় এ অভিনেতা আজ ৬১ বছরে পা রাখলেন।
 
তিনি বাংলাদেশী চলচ্চিত্রের নব্বই দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। বেদের মেয়ে জোছনা ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। কাঞ্চন ৩০০টিও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।
 
ইলিয়াস কাঞ্চন ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নাম হাজি আব্দুল আলী, মাতার নাম সরুফা খাতুন। ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইস এস সি পাস করেন।
 
ইলিয়াস কাঞ্চন ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর বাংলা চলচ্চিত্র দেখতে পায় এক প্রবাদ পুরুষের জন্মলগ্ন। একে একে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনি চিরদিনের মত বাংলা চলচ্চিত্র প্রেমীদের অন্তরে যায়গা করে নেন। ১৯৭৯ সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয়। ১৯৮৩ সালে তাকে ঘরে তুলেন। তার স্ত্রী ১৯৯৩ সালের ২২ অক্টোবর কাঞ্চনের শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।
 
তিন শতাধিক ছবির এ অভিনেতা আরো অর্জন করেছেন বাচসাস, শেরেবাংলা পদক, বিসিআরএ, ট্রাব, সিটি কর্পোরেশন পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি। তবে ‘ভেজা চোখ’-খ্যাত এ নায়ক মনে করেন দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসাই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার।
 
ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয়ভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া সারাদেশে ও বিদেশে নিসচার ১২০টি শাখা সংগঠনের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নানা কর্মসূচি পালিত হবে।
 
ইত্তেফাক/এমএআর