প্রাচীনতম দৈনিক ইত্তেফাক পত্রিকা দেশের স্বাধীনতা সংগ্রাম এবং ইতিহাস-এতিহ্যের ধারক-বাহক। দেশ ও জাতি গঠনে ঐতিহ্যমন্ডিত দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশনার পর থেকে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। ইত্তেফাকের ৬৪তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে শনিবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহির রায়হান একথা বলেন।
প্রেসক্লাবে সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুদ্দোজা, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার এসএম মুস্তানজিদ,অতিরিক্ত পুলিশ আবুল কালাম শাহিদ, সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সংবাদের প্রতিনিধি লাকি মিজান, প্রথম আলোর তৌহিদী হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের প্রচীনতম ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাক দেশের মানুষের পত্রিকা। ইত্তেফাকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও বৈচিত্র্য। দেশ ও জনগণের সঙ্গে মিশে থাকার কারণেই অগনিত পাঠকের কাছে আজো সমাদৃত এই পত্রিকা। পাঠক ও মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এখনো সগৌরবে এগিয়ে যাচ্ছে ইত্তেফাক।
এছাড়া ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার লেখনি এবং ত্যাগের কথা বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন।
সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জহির রায়হানসহ অতিথিরা প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন। পরে কেক ও নাস্তা পরিবেশন করে অতিথি ও সুধীজনদের আপ্যায়ন করা হয়।
ইত্তেফাক/কেকে
