গাড়ি নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়লেন ‘মাতাল’ প্রেমিক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:১৪
ভালোবাসা মানুষকে উদ্ভট কর্মকাণ্ড করতে প্ররোচিত করে। রাশিয়ার রুসলান নুর্তদিনভও ভালোবাসার টানে চরম স্পর্ধা অথবা বোকামির একটা কাজ করেছেন। প্রেমিকার সঙ্গে দেখা করতে কাজান বিমানবন্দর ভবনে গাড়ি নিয়ে আছড়ে পড়েছেন এই ‘মাতাল’ প্রেমিক!
 
এমনকি বিমানবন্দরের ডিপার্চার গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। ইউরোপে ক্রমাগত জঙ্গি হামলার হুমকির প্রেক্ষাপটে এই ঘটনা তুমুল আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায় মাতাল ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরের চেক ইন ডেস্কের দরজা দিয়ে ঢুকে পড়ে। সেখান থেকে ডিপার্চার গেট দিয়ে পাশের একটি রেলওয়ে টার্মিনালে পৌঁছান। আরো দেখা যায়, ওই গাড়ির পেছনে আতঙ্কিত নিরাপত্তা কর্মীরা তাকে থামানোর চেষ্টা করছে।
 
৪০ বছর  বয়সী রুসলান আদালতে তার বিরুদ্ধে শুনানিতে বলেছেন, তিনি সতর্কতার সঙ্গেই তার রুট বেছে নিয়েছিলেন। শুক্রবার তিনি বলেন, আমার প্লাটফর্মে যাওয়া দরকার ছিল, আমি ভালোবাসার জন্য এটা করেছি। তিনি জানিয়েছেন, তার বান্ধবী রেলওয়ে প্লাটফর্মে আসছিলেন, এবং এটা ছিল তাকে অভিবাদন জানানোর পরিকল্পনা।
 
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। টেলিগ্রাফ।
 
ইত্তেফাক/এসএসএ