গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। নিহতের নাম ওমর আলী (৬২)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।
ওই কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর আলী। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সালের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। ওমর আলীকে এ বছরের জুন মাসে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ওমর আলীকে হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই
