নাটোরে দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক এর ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার শহরের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও উপ-পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান বলেন, ইত্তেফাক দেশের পুরাতন পত্রিকা সমূহের মধ্যে শীর্ষ স্থানীয়। এদেশের ইতিহাসের ক্রমবিবর্তনে এ পত্রিকার রয়েছে বলিষ্ঠ আবদান। স্বাধীকার থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাকের যেমন অবদান রয়েছে, তেমনি সচেতন পাঠক তৈরি সহ কুসংস্কার মুক্ত সমাজ গঠনেও দৈনিক ইত্তেফাক আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে। প্রথিত যশা সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক দীঘদিন তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সাহসিকতার সাথে সত্য প্রকাশ করে চলেছে। এই ৬৪তম বর্ষপূর্তিই প্রমাণ করে তাদের পাঠক প্রিয়তার কথা। ইত্তেফাক তার দীর্ঘদিনের এই যাত্রাপথে সমাজ তথা দেশের জন্য অনেক কল্যাণকর কাজ করেছে। আগামীতে আরো সুন্দরভাবে ইত্তেফাক এর প্রকাশনা এগিয়ে যাবে এমনটাই সবাই কামনা করে।
নাটোর জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মাহফুজ আলম মুনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুল হক নবী। স্বাগত বক্তব্য রাখেন, ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম, জাহীদুল হুদা ফরহাদ। অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নাটোর সংবাদদাতা আজিজুল হক টুকু, বাসসের নাটোর প্রতিনিধি ফারাজী আহমেদ রফিক বাবন, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. অহিদুল হক, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আব্দুল মান্নান, দৈনিক ইত্তেফাকের লালপুর সংবাদদাতা মোজাম্মেল হক, বাগাতিপাড়া সংবাদদাতা আরিফুল ইসলাম তপু, সিংড়া সংবাদদাতা এসএম রাজু আহমেদ। এর আগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে নাটোরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
