মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যাদের শ্রমে-ঘামে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় ও শ্রমিক কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সেই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কটন মিলের শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, যারা যে বিদ্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন, চাইলে আপনারা আপনাদের অবস্থান থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। তাহলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়। আর একথা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বলেন।
তিনি বলেন, ছেলে শিক্ষার্থীরা পেশি শক্তিতে বলিয়ান কিন্তু মেয়েরা এগিয়ে মেধা শক্তিতে। তাই মেয়ে শিক্ষার্থীদের মত ছেলে শিক্ষার্থীদেরকেও মেধা শক্তিতে এগিয়ে আসতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আরো বেশি এগিয়ে যাবে।
সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ. কে. আজাদ, আন্তর্জাতিক ব্যাংকার মো. শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান, কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সাবেক শিক্ষার্থী ও ফরিদপুর জেলা ফরেষ্ট রেঞ্জার মো. মহিউদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবিএম তারিকুল ইসলাম, মো. বেলায়েত হোসেন, শিক্ষক প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান আরমান, সাংবাদিক রফিক সরকার, বিল্লাল হোসেন, মাফুজা আফরিন মনি, জোনাহিদ হাসান সাগরসহ বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে চিরকুট ব্যান্ড, ক্লোজআপ ওয়ান তারকা কিশোর ও চ্যানেল খুদে গানরাজ তারকা সংগীত পরিবেশন করেন।
ইত্তেফাক/এমআই
