চার দফা দাবী আদায়ে দিনাজপুরে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রাণী সম্পদ বিভাগের এ.আই টেকনিশিয়ানরা। দাবী বাস্তবায়ন না হলে তারা পহেলা মে থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রাণী সম্পদ এ.আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে এই অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৃহত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মোঃ হারুন আর রশিদ এবং পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান, সদস্য কার্তিক চন্দ্র রায় ও শাহজাহান প্রমুখ।
অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভায় প্রতিটি ইউনিয়নে এ.আই টেকনিশিয়ানদের পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান, কৃত্রিম প্রজনন নীতিমালা লঙ্ঘন করে বেসরকারি সংস্থাগুলোর কর্মীদের প্রত্যাহার ও ব্যবস্থা গ্রহণ, একই ইউনিয়নে একাধিক এ.আই টেকনিশিয়ান নিয়োগ বন্ধসহ ৪ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি বাস্তবায়ন না হলে ৩০ জানুয়ারি বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান, ২৭ ফেব্রুয়ারি সহকারী পরিচালক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও ১ মে থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচী ঘোষণা করা হয়।
ইত্তেফাক/এসএস
