মেধা বিকাশে খেলাধূলার বিকল্প নেই: জাকির হোসাইন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২১:০২
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, প্রত্যেক পিতা-মাতার উচিৎ ছেলে-মেয়েদের সুষ্ঠু মেধা বিকাশের জন্য নিয়মিত খেলাধূলা করার সুযোগ করে দেয়া। প্রত্যেক অভিভাবকের প্রতি আহ্বান থাকবে, পড়া লেখার পাশাপাশি শিশুদের নিয়মিত খেলাধূলার বিষয়টি নিশ্চত করা। 
 
শনিবার রাজধানীর সবুজবাগ থানায় শিশু-কিশোর ক্রিকেট একাডেমির আয়োজনে অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বাইজিদ আহমেদ খান। 
 
জাকির হোসাইন বলেন, বিশ্বের সবখানেই এখন সমান প্রতিযোগিতা বিদ্যামান। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সব দিক থেকেই পারদর্শি হতে হবে। মেধাবীরা এখন সব প্রতিযোগিতায় টিকে থাকে। এ জন্য যে সব কাজ মেধা বিকশিত করার জন্য সহায়ক হিসেবে প্রয়োজন সেগুলো বেশি বেশি করতে হবে। খেলাধূলা কখনই সময় নষ্ট করে না বরং একটি শিশুর মেধা ও মনন গঠন করতে বিপুলভাবে সাহায্য করে। 
 
তিনি আরো বলেন, ভালো মানের খেলোয়াড় হলে খেলার মাধ্যমেও বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম যখন খেলে তখন তারা খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক গৌরবের ব্যাপার। 
 
অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় শিশু-কিশোর একাডেমি ১১ রানে গোল্ডেন বয়েসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
 
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি আল আমিন, সাকিব হাসান সুইম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, সহ-সম্পাদক পিয়াল হাসান, বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জোতিক টিকাদার উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি