রাজধানীর বনানীতে বহুতল ভবনে (এফ আর টাওয়ার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়ে এ পর্যন্ত ১৯ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দীলিপ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ঢাকার উপ-পরিচালক দেবাশীষ বর্ধণকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দমকল কর্মী, সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সময়ে (রাত সাড়ে ৮টা) ওই ভবন ও তৎসংলগ্ন অপর একটি ভবনে উদ্ধার কাজ চলছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্র একজন শ্রীলংকার নাগরিকসহ সাতজনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে নিশ্চিত করলেও পরে একজন সামরিক কর্মকর্তা বলেন, ২২তলা ওই বহুতল ভবন এফ আর টাওয়ারের ১৫ তলার লিফটে আটকে পড়া তিনজনের লাশ দেখতে পেয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, দমকল কর্মী, সেনা, নৌ ও বিমান বাহিনীর তৎপরতায় বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সন্ধ্যা ৭টার দিকে সম্পূর্ণরুপে আগুন নির্বাপণ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ওই বহুতল ভবনে আগুন লাগে। এই খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদর দফতরসহ নগরীর বিভিন্ন স্টেশন থেকে ২৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর তৎপরতায় ওই ভবন থেকে এপর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। তবে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তারা হচ্ছেন- মো. মামুন, মনির হোসেন, মাকসুদুর রহমান, নিরস বিগনে রাজা (২৪), আব্দুল্লাহ আল ফারুক (৩২) ও আমিনা ইয়াসমীন। এর মধ্যে মো. মামুন, মনির হোসেন ও মাকসুদুর রহমান নগরীর ইউনাইটেড হাসপাতাল এবং আমিনা ইয়াসমীন এ্যাপোলো হাসপাতালে মারা যান।
আরও পড়ুন: বনানীতে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১৯
এছাড়া শ্রীলংকার নাগরিক নিরস বিগনে রাজা (২৪)। তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান। অপরজন আব্দুল্লাহ আল ফারুক (৩২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ ভাগ পুড়েছে। তার পকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। বাসস
ইত্তেফাক/কেকে
