তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের উৎপাত অব্যাহত রয়েছে এবং শেখ হাসিনার সরকার তা দমনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত আট বছর ধরে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি এই যুদ্ধে জঙ্গিদের পক্ষে আছেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্ম্পকে তিনি বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে সম্পূর্ণভাবে পরাজিত হয়েও তা মেনে নেয়ার মতো সৎ সাহস খালেদা জিয়ার নেই।
রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশে জঙ্গি দমনে সরকারের সফলতা সর্ম্পকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, কোনো অজুহাত খুঁজবেন না, অপকর্মের জন্য বিচারের অপেক্ষা করুন। বেগম খালেদা জিয়ার এজেন্ডা নির্বাচন নয়। তার বড় এজেন্ডা হলো জঙ্গি উৎপাদন করা এবং জঙ্গিদের রক্ষা করা। জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা না চাইবেন, ততদিন পর্যন্ত আমরা মনে করব নির্বাচনে অংশ নেয়া তার একটা কৌশল মাত্র। উনি জঙ্গিদের পক্ষ নিয়ে বাংলাদেশের নির্বাচিত ও গণতান্ত্রিক শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চক্রান্ত করছেন।
মত বিনিময়কালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
